জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎএই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু-এর সহধর্মিণী এবং নাগরপুর মহিলা অনার্স কলেজের সভাপতি মনোয়ারা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আঃ মমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনসুর আলী, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. মিজানুর রহমান।
এ ছাড়া উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক প্রদীপ কুমার সূত্রধর এবং নাজির-কাম-ক্যাশিয়ার মো. সজীব পারভেজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি আধুনিক, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান ও ডিজিটাল খতিয়ান সংগ্রহসহ বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা হচ্ছে। দালালমুক্ত ও ডিজিটাল সেবার মাধ্যমে সাধারণ মানুষের কাছে দ্রুত ও সহজে ভূমিসেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।