প্রিন্ট এর তারিখঃ Aug 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2026 ইং
টাঙ্গাইলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে টাঙ্গাইলে দিনব্যাপী হামদ-নাত, কুরআন তেলাওয়াত ও ইসলামী কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ‘বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিম ফাউন্ডেশন’ এবং ‘সকাল পরিষদ, টাঙ্গাইল’-এর যৌথ আয়োজনে টাঙ্গাইল সাধারণ পাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় অনুষ্ঠানের প্রথম পর্যায় উদ্বোধনী আলোচনা ও প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিম ফাউন্ডেশন টাঙ্গাইলের আহ্বায়ক আবু মোহাম্মদ ফজলুল করিম কামরুল।
মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক সানু’র সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জজ কোর্টের পিপি মো. শফিকুল ইসলাম রিপন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক মনোয়ার মোহাম্মদ, কবি ও নজরুল গবেষক এডভোকেট আল রূহী, টাঙ্গাইল ক্লাবের সহ-সম্পাদক প্রকৌশলী খন্দকার সাইদ আল খালিদ (সোপান), অনু টাঙ্গাইলের নির্বাহী পরিচালক মো. আসাদুজ্জামান খান আনজু, সময়ের সাহিত্য কণ্ঠের সম্পাদক আজাদ কামাল।
উদ্বোধনী আলোচনার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত, কুরআন তেলাওয়াত এবং ইসলামী কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের সমাপনী পর্যায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এই পর্বে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এফপিএবি-এর জাতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি হারুন-অর-রশিদ।
সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সাধারণ পাঠাগারের সদস্য সচিব মাহমুদ কামাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইয়াহিয়া শাহীন, টাঙ্গাইল নজরুল পরিষদেও সভাপতি অনীক রহমান বুলবুল।
আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com