
ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকারকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সাথী আক্তার (সাথী বিউটি পার্লার-এর মালিক) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাথী আক্তার তাঁর বিউটি পার্লারে বসে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে (বিএনপি) সরকারকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন।বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে আসলে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরে এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা একত্রিত হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সাথী আক্তারের প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁর বক্তব্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্ত সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান,বিএনপিকে নিয়ে কটূক্তি করার জেরে স্থানীয় জনতা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।#