প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2026 ইং
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক শিখন ফল নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে অগ্রগণ্য। শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান এবং শিক্ষার্থীদের প্রতি গভীর যত্নশীলতা বজায় রেখে একটি সুশৃঙ্খল ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে।বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শিক্ষাব্যবস্থাকে আরো আধুনিক ও যুগোপযোগী করতে হবে- যেখানে শিক্ষকরা হবেন মূল চালিকাশক্তি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় টাঙ্গাইলের ঐতিহাসিক বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে ‘শিক্ষার সার্বিক মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছ থেকে শিক্ষার মানোন্নয়নবিষয়ক ‘কনসেপ্ট পেপার’ গ্রহণ করে মন্ত্রী জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘এই কনসেপ্ট পেপারে উত্থাপিত প্রস্তাবনা ও সুপারিশগুলো শিক্ষার সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমেই আমরা একটি মেধাভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।
জেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিখনফল বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা ও ইতিবাচক পরিবেশ নিশ্চিতকরণের প্রত্যয়ে ওই বিশেষ মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন—মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। আরো বক্তব্য দেন—জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
বক্তারা বলেন, একটি মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করার পাশাপাশি সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ সময় শিক্ষাব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং তা মোকাবেলাসহ শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পেশাগত দায়িত্বশীলতা, শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান এবং শিক্ষার্থীদের প্রতি আরো যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় টাঙ্গাইল জেলার শিক্ষার সার্বিক মানোন্নয়নের রূপরেখা সংবলিত একটি ‘কনসেপ্ট পেপার’ প্রধান অতিথির হাতে তুলে দেন জেলা প্রশাসক আবু সাঈদ। ওই সভায় জেলার বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাবিদ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com