ছবির ক্যাপশন:
টাঙ্গাইলে ঢাকা-গামী মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টাকালে নয়টি গরুসহ পিকআপ উদ্ধার এবং ৩৪ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিজান (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে মধুপুর মহাসড়কে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে পাঁচ থেকে ছয়জনের একটি ডাকাত দল সদর থানাধীন করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকাগামী মহাসড়কের উপর একটি নীল রঙের গরুবাহী পিকআপের গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে।
ডাকাত দল পিকআপে থাকা চারজন ব্যক্তির মধ্যে তিনজনকে নামিয়ে দেয় এবং অপর ব্যক্তিকে নামানোর জন্য ধস্তাধস্তি করতে থাকে।
এ সময় মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে একজনকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। ডাকাত দলের অন্যান্য সদস্যরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল হতে নয়টি গরুসহ পিকআপটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ডাকাত দলের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার মিজান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের মোট ৩৪টি মামলা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।